• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

হাকিমপুর শিক্ষার্থী হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থীর হত্যার মামলায় পুলিশ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম অনিক সিদ্দিকী (৩০)। তিনি হাকিমপুর উপজেলার খট্টা ইউনিয়নের রায়ভাগ গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অনিক সিদ্দিকী স্বেচ্ছাসেবক লীগের খট্টা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক। আজ শুক্রবার দুপুরে তাঁকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আরিফুর রহমান।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এই ঘটনায় গত ১৯ আগস্ট আসাদুজ্জামান নূরের ভাই মো. সুজন হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ আরও ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই মামলায় ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থীর হত্যা মামলার তদন্তের পর অনিক সিদ্দিকীর সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *