• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ৪৮ জেলে আটক

**বঙ্গোপসাগরে ৪৮ জন ভারতীয় জেলে মৎস্য আহরণে অনুপ্রবেশ করে আটক**

বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৪৮ জন ভারতীয় জেলেকে নৌবাহিনী ও কোস্টগার্ড আটক করেছে। এই সময় তাদের তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে বাগেরহাটের মোংলা থানায় মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে কোস্টগার্ড ও নৌবাহিনী ট্রলার ও জেলেদের আটক করে। আজ সকালে তাদের মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বর্তমানে ইলিশ সংরক্ষণের জন্য সমুদ্রে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। যারপরও আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন।

বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত টহল দেওয়ার সময় জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে। সন্দেহজনক ট্রলারগুলোর দিকে এগিয়ে গেলে ট্রলারগুলো পালানোর চেষ্টা করে। তখন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা তিনটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করে। ট্রলারগুলোতে মোট ৪৮ জন ভারতীয় জেলে ছিল।

পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ড দপ্তরে আনা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আটক ট্রলার তিনটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার ৭০০ কেজি সামুদ্রিক মাছ ছিল। মাছগুলো নিলামের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ভোররাতে জব্দ করা ট্রলার ও আটক জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় আটক জেলেদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *