• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |

হামাস প্রধান সিনওয়ার ‘সম্ভাব্য’ নিহত: ইসরায়েল

**হামাস নেতা সিনওয়ার সম্ভবত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন**

ইসরায়েলের হামলায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ‘সম্ভবত’ নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামলায় তাদের তিনজনকে হত্যা করা হয়েছে; যাদের একজন সম্ভবত সিনওয়ার। তবে এখনও নিশ্চিতভাবে তা জানা যায়নি। নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এই দাবির মধ্যে হামাসের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। হামাসের নিরাপত্তা বিষয়ক তথ্য সাধারণত গোষ্ঠীর ওয়েবসাইট আল-মাজদে প্রকাশিত হয়। ওয়েবসাইটটি ফিলিস্তিনিদেরকে সিনওয়ার সম্পর্কিত তথ্যের জন্য ইসরায়েলি সংবাদমাধ্যমের উপর নির্ভর না করে হামাসের কাছ থেকে সরাসরি আসা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে বলা হচ্ছে, গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফা শহরে ইসরায়েলি সেনাদের স্থল হামলায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ ইসরায়েলি সেনাদের হেফাজতে রয়েছে। ভিডিও-ছবির প্রমাণ দেখে মনে করা হচ্ছে তাদের একজন সিনওয়ার। তবে নিশ্চিত হতে ইসরায়েলি সামরিক বাহিনী নিহতদের ডিএনএ পরীক্ষা করাচ্ছে।

সিনওয়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত হলে তা হামাসকে আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হবে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হামাসের সাবেক প্রধানসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন।

গত জুলাইয়ে তেহরানে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এরপর ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। ইসরায়েল বিশ্বাস করে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার। দীর্ঘদিন ইসরায়েলি কারাগারে থাকার পর ২০১১ সালে বন্দী বিনিময়ের মাধ্যমে সিনওয়ার মুক্তি পেয়েছিলেন।

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল-জাজিরাকে বলেছেন, যদি সিনওয়ারের মৃত্যু নিশ্চিত হয়, তাহলে হামাসকে পুনর্গঠন করতে হবে। কারণ হামাসের নেতৃত্ব আগে থেকেই ভেঙে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *