**ঢাকায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন গ্রেফতার**
ঢাকার বনানী এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি অভিযোগের ভিত্তিতে, তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে।
ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ওপর ভিত্তি করে শমসের মবিনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গত বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফিরিয়ে দেওয়া হয়। পরে প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে, তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য তারা থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুরে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পরেও তাদের বিদেশ যেতে দেওয়া হয়নি।
শমসের মবিন চৌধুরী আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে ২০১৮ সালে যোগ দেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে, শমসের মবিন চৌধুরী জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।