লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বীরবিক্রম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের পরিবর্তে তিনি তাঁর বড় ছেলে ওমর ফারুককে ভোটের মাঠে নামাচ্ছেন।
প্রথম আলোকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে অলি আহমদ বলেছেন, ‘আমি চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশের জনগণের আহ্বানে ছেলেকে এই আসন থেকে নির্বাচনে নামাচ্ছি।’ সাতকানিয়া, চন্দনাইশ এলাকা নিয়ে সংসদের চট্টগ্রাম-১৪ আসনটি গঠিত।
অলি আহমদ নির্বাচন না করলেও রাজনীতি ছেড়ে দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘এলডিপির প্রধান হিসাবে আমি রাজনীতি করব। এলাকার লোকেরা আমার ছেলেকে সংসদ নির্বাচন করতে চায় বলেই আমি নিজে নির্বাচন করব না।’
গত শনিবার রাতে সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বক্তব্য রেখেছেন অলি আহমদ। সেই সময়ই তিনি আর নির্বাচন না করার ঘোষণা দেন এবং তাঁর বড় ছেলে অধ্যাপক ওমর ফারুককে মণ্ডপে উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওমর ফারুক এলডিপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য।
অলি আহমদ প্রথম আলোকে বলেছেন, ‘আমি সাতকানিয়ায় হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানসহ বিভিন্ন পথসভায় জনগণের উদ্দেশে বলেছি, “আমার জায়গায় কে থাকবেন, এটা আপনাদের চিন্তা। আমি আমার বড় ছেলেকে তৈরি করেছি। আপনারা কি তা চান?” এর উত্তরে তারা হ্যাঁ বলেছেন। তাদের আহ্বানের সম্মান রেখে আমি এই সিদ্ধান্ত ঘোষণা করেছি।’
যদিও রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়েও আলোচনা শুরু হয়েছে। নিজে নির্বাচন না করে ছেলেকে ভোটের মাঠে নামানোর বিষয়ে জানতে চাইলে অলি আহমদ বলেছেন, জনগণ শিক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে চায়। সেই হিসাবে তার ছেলে শিক্ষিত ও যোগ্য হলে কেন রাজনীতি করতে পারবে না? তিনি আরও বলেছেন, ‘আমার ছেলে যুক্তরাষ্ট্র ও লন্ডনে পড়াশোনা করেছে। বিশ্ববিদ্যালয়ে ২০ বছর ধরে শিক্ষকতা করেছে। এখন রাজনীতিতেও যুক্ত হয়েছে।’
অলি আহমদ বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ২০০৬ সালে তিনি বিএনপি থেকে বেরিয়ে এলডিপি গঠন করেন।