• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |

শিক্ষার্থী হত্যামামলায় তাঁতী সভাপতি গ্রেপ্তার

শিক্ষার্থী নাদিমুল হত্যাকাণ্ডে তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার

ঢাকার সূত্রাপুর থানার তাঁতী লীগের সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) গ্রেপ্তার করা হয়েছে। ১৯ জুলাই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া ছাত্র নাদিমুল হত্যার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমকে হত্যার ঘটনায় তাঁর মা কিসমত পুলিশে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, ১৯ জুলাই আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণও করেন।

এই গুলিবর্ষণে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসানের বাঁ চোখে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তের সূত্র জানিয়েছে, মামলার এজাহারে থাকা তথ্য এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে হত্যাকাণ্ডে জড়িত মো. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *