মোহাম্মদপুরে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহরিয়ার আশিক, তার বয়স ২০ বছর।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহরিয়ার আশিক পরিবারের সঙ্গে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের ৪ নম্বর রোডে বাস করতেন। গতকাল রাতে তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে চুরি করতে যান। এ সময় নির্মাণাধীন বাড়ির পাহারায় থাকা শ্রমিকেরা শাহরিয়ারকে ধরে ফেলেন এবং তাকে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে শাহরিয়ারের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, পরে পুলিশ শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহরিয়ারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার বাবার নাম ওসমান গণি।