রুশ রাজধানী মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নিউক্লিয়ার পাওয়ার উইংয়ে কাউন্সিলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে কর্মকর্তা নিয়োগ করা হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
কাউন্সিলর (নিউক্লিয়ার পাওয়ার) পদে আবেদনের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার সায়েন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের সম-পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের মধ্য থেকে হতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
তবে, নিউক্লিয়ার ও বিদ্যুৎ বা তড়িৎ বিষয়ে উচ্চতর কারিগরি জ্ঞানসহ রাশান ভাষা জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ‘জীবনবৃত্তান্ত ছক’ পূরণ করে সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবিসহ সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (দৃ:আ: উপসচিব, অধিশাখা-২০) বরাবর আবেদন করতে হবে। এছাড়া, আবেদনকারীকে পূরণকৃত ‘জীবনবৃত্তান্ত ছক’-এর সফট কপি পিডিএফ ও মাইক্রোসফট ওয়ার্ড (‘নিকস’ ফন্টে) ই-মেইলে (section20@most.gov.bd) পাঠাতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৪।