ডাক্তার-দেখা আর সেবা নিয়া সঠিক তথ্য নিয়ে এই প্রথম নাটক দেখলাম। প্রেমের এই-ওই ছাড়া অভিনয় ভর্তি এই নাটকটাতে প্রতিটা চরিত্রই দারুণ। প্রায় সবাইই প্রাণ দিয়ে অভিনয় করেছেন। নাটকটার সকলকেই অভিনন্দন।’ তপু খানের ‘মমতা’ নাটক নিয়ে এভাবেই লিখেছেন এক দর্শক। ৮ অক্টোবরে ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পরে অনেক দর্শকই ‘মমতা’র প্রশংসা করছেন।
তপু খান পরিচালিত এবং লিমন আহমেদ রচিত এই নাটকে অভিনয় করেছেন জোভান ও সাদিয়া আয়মান।
দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে এই নাটকে একটা বার্তা দিয়েছেন নির্মাতা। এই কারণেও অনেক দর্শক নাটকটা পছন্দ করেছেন। ইউটিউবে নাটকটির কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘কিছু অভিনয় আর কিছু গল্প মনে দাগ কেটে যায়। সবার জন্য অভিনন্দন, যাঁরা এত সুন্দর গল্প উপহার দিয়েছেন।’
নাটক নিয়ে নির্মাতা তপু খান ফেসবুকে লিখেছেন, ‘ছুটির দিনে দেখতে পারেন অভিনয় আর ভালোবাসার সংমিশ্রণে আমাদের নির্মিত নাটকটা।’
তিনি গণমাধ্যমে বলেছেন, ‘আমাদের চেষ্টা ছিল প্রচলিত ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক বানানোর। এই নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও প্রিয়জনের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, নাটকের গল্পটা তা দারুণভাবে অনুভব করিয়ে দেবে। আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও কিছু বার্তা দিতে চেষ্টা করেছি।’
জোভান ও সাদিয়া আয়মান ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ আরও অনেকে।