বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। সম্প্রতি ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে নীরবতা পালনকে কেন্দ্র করে শুরু হয়েছে এই সমালোচনা। তবে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে এই নীরবতার জন্য দুঃখ প্রকাশ ও সমর্থন আদায়ের অনুরোধ জানিয়েছেন তিনি।
সাকিবের ফেসবুক পোস্টের পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের চত্বরে সাকিবের ছবি টাঙিয়ে তাকে জুতা দিয়ে পেটাচ্ছে এবং স্টেডিয়ামের দেওয়ালে সাকিব-বিরোধী গ্রাফিতি আঁকে শিক্ষার্থীরা। এমন ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শ্রাবণী তৌহিদা।
শ্রাবণী তৌহিদা দীর্ঘদিন ধরে খেলার জগতের সঙ্গে যুক্ত। দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। খেলার মাঠে সাকিবের সঙ্গেও কয়েকবার কথা বলেছেন। স্টেডিয়ামে সাকিবের ছবিতে হেনস্থার একটি খবর শেয়ার করে শ্রাবণী তৌহিদা লেখেন, “এমন বাংলাদেশিদের দেখলে দুঃখ হয়। তাদের কি এতটুকু জ্ঞান নেই? উনি কি ক্রিকেটে দেশের জন্য কিছু করেননি?”
শ্রাবণী তৌহিদার এই ফেসবুক স্ট্যাটাসে নানান মন্তব্য করছেন সাধারণ মানুষ। কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, কেউ আবার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে।