• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন |

পূজায় ঝড় তুলছে সমরজিৎ আর শুভমিতার ‘তোমার জন্য রোদ্দুর’

গানের জগতে সর্বশেষ জুটিবদ্ধ হলেন দুই বাঙালি শিল্পী সমরজিৎ রায় এবং শুভমিতা। পূজা উপলক্ষে মুক্তি পাওয়া তাঁদের দ্বৈতকণ্ঠের গানের শিরোনাম ‘তোমার জন্য রোদ্দুর’।

গানটির কথা লিখেছেন সঞ্জয় রায় এবং সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় নিজে। তাঁর পরিচালিত সুরছায়া সংগীত পাঠশালার ছাত্রছাত্রীরা গানটির কোরাসে কণ্ঠ দিয়েছেন।

গানটি মুক্তি পাওয়ার পরে সংগীতাঙ্গনে প্রশংসিত হচ্ছে। গীতিকার সঞ্জয় রায় জানিয়েছেন, ”আমার মনে হয়, অনেকের মনে দীর্ঘদিনের পুরনো স্মৃতি জাগ্রত করবে এই গান।”

গানটি নিয়ে শুভমিতা বলেন, ”আমি খুব আশা করব, আপনারা যেভাবে সব সময় বাংলা গানের সঙ্গে থেকেছেন, এই গানটির সঙ্গেও থাকবেন। গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদের শুনেও খুব ভালো লাগবে এমনটা আশা রাখছি।”

সমরজিৎ রায় জানান, ”শুভমিতা দিদি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই, তিনি পছন্দ করেন। গানটি শুনেই আমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়ার সম্মতি দেওয়াটা পরম সৌভাগ্যের মনে করছি। শুধু তা–ই নয়, পার্থদার (শুভমিতা দিদির স্বামী) কাছে পরে জেনেছি, দিদি তাঁর বাড়িতে এই গানের সুর সারাক্ষণই গুনগুন করে গাইতেন এবং গানটি রেকর্ড করে তিনি ভীষণ খুশি হয়েছিলেন। আমার জন্য আরও ভালো লাগার বিষয় হলো আমার সুরছায়ার শিক্ষার্থীরা এই গানের কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কোরাস কণ্ঠ যুক্ত হওয়ার কারণে গানটির প্রতি সবার মুগ্ধতা আরও বেশি বাড়বে বলেই আমার বিশ্বাস।”

সমরজিৎ রায় বললেন, ”সুরছায়ার শিক্ষার্থীদের নিয়ে এটিই আমার প্রথম কোনো কাজ। সর্বোপরি ভীষণ মিষ্টি রোমান্টিক এই গানটি সবার ভীষণ পছন্দ হবে এটুকু আমি বলতে পারি।”

‘তোমার জন্য রোদ্দুর’ গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সি-মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *