মমতাজ ফিরে এলেন গানের জগতে, হাজির হলেন ‘আমার হাত-পা’ গানটি নিয়ে
সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কোথায় আছেন সেটা জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি দেশে আছেন। গত জুলাই-আগস্ট মাসে ছাত্রদের আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগের সাবেক এই সাংসদকে পাবলিকভাবে দেখা যায়নি। তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন।
গতকাল রাতে হঠাৎ তিনি সবার সামনে এসেছেন। গেয়েছেন গান। চার মিনিট ত্রিশ সেকেন্ডের সেই গান মমতাজ নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।
গত ১৬ জুলাইয়ের পর মমতাজকে তার ফেসবুক পেজে সক্রিয় দেখা যায়নি। এর আগে দেশের এই জনপ্রিয় গায়িকা প্রতিদিনই প্রায় কিছু না কিছু পোস্ট করতেন। ৮৮ দিন পর ফেসবুকে গানের ভিডিও নিয়ে হাজির হওয়া মমতাজকে দেখে অনেকেই অবাক হয়েছেন। ফেসবুকে বিভিন্ন মতের কমেন্টও এসেছে।
এদিকে তিন মাস পর মমতাজকে ফেসবুকে দেখে কেউ কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন আপনি? দেশেই কি আত্মগোপন করে আছেন নাকি বিদেশে চলে গেছেন? কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে মন্তব্য করেছেন। অনুরাগীরা রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে আবারও সংগীতশিল্পী মমতাজকে গানের জগতে ফিরে পেতে চান।
চার মিনিট ত্রিশ সেকেন্ডের সেই ভিডিওতে মমতাজকে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা কমেন্টের ঘরে ভিড় করেছেন। ২৪ ঘণ্টাও না যেতেই ভিউ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। ভিডিওতে ৪০ হাজারেরও বেশি রিঅ্যাকশন, প্রায় আট হাজার কমেন্ট এবং এক হাজারেরও বেশি শেয়ার হয়েছে ভিডিও পোস্টটি।
গায়িকা মমতাজ দেড় যুগ আগে রাজনীতিতে এসেছেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতাজ। ২০২৪ সালেও বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন তিনি।
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হাড়ে হাড়ে লড়াই করে হেরে গেছেন তিনবারের সংসদ সদস্য মমতাজ। মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ। নির্বাচনে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন জাহিদ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি তাকে। তবে গানে ব্যস্ত ছিলেন মমতাজ।