• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |

দুর্গাপুজোয় আসছে কোন নাটক-সিনেমা, কোন গান মুক্তি পাচ্ছে?

আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। পূজার আনন্দে বিমোদন জগতও মেতে উঠেছে। প্রকাশিত হয়েছে নতুন দুর্গাপূজার গান। প্রচারিত হবে দুর্গাপূজার নাটকও। আসুন জেনে নিই দুর্গাপূজা উপলক্ষে কী কী আয়োজন রয়েছে।

**পূজার নাটক**

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হবে চয়নিকা চৌধুরীর তিনটি একক নাটক। পূজার নাটক প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি জানান, অনেক সময় পরে তিনি পূজার নাটক তৈরি করেছেন। এই তিনটি একক নাটকের মধ্যে ১১ অক্টোবর মাছরাঙায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্পও লিখেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, জোনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, মিলি বাশার, আজিজুর রহমন, মনিফা মোস্তাফিজ মন, জয় অধিকারী প্রমুখ।

এ ছাড়া ১০ অক্টোবর গানচিলের ইউটিউব চ্যানেলে বেলা তিনটায় মুক্তি পাবে নতুন নাটক ‘বারান্দায় বিকেল’। ফারিয়া হোসেনের লেখা এ নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদী, তানভীন সুইটি ও ওয়াজিহা হক প্রমুখ।

পূজার আরেকটি নাটক ‘শারদ প্রাতে’ আবার প্রচারিত হবে ১২ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে। দুই বছর আগে দুর্গাপূজায় নাটকটি প্রথমবার প্রচারিত হয়েছিল। এবার নাটকটির পুনঃপ্রচার হচ্ছে। এটিরও রচয়িতা ফারিয়া হোসেন। অভিনয়ে আছেন এফ এস নাঈম, তানজিম সাইয়ারা তটিনী, মোহাম্মদ বারী, মিলি বাশার প্রমুখ।

এবার পূজার বিশেষ নাটকে দেখা গেছে সাদিয়া আয়মান ও জোভানকে। ‘মমতা’ নামে নাটকটি ক্লাব ইলেভেন ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ৮ অক্টোবর বিকেলে মুক্তি পেয়েছে।

**পূজার গান**

পূজার গান নিয়েও এবার বেশ প্রতিযোগিতা রয়েছে। এইচ এম ভয়েস নামের ইউটিউব চ্যানেলে ১০ অক্টোবর মুক্তি পাবে ‘তোমার নাম লিখে রাখলাম’ শিরোনামের গান। শেখ নজরুলের কথায় গানটির সংগীত করেছেন রেজওয়ান শেখ। গেয়েছেন মৌমিতা বড়ুয়া। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন আল আমিন হোসেন। এতে মডেল হয়েছেন সাইফুল ইসলাম।

পূজা উপলক্ষে সমরজিৎ রায় প্রকাশ করেছেন ‘তোমার জন্য রোদ্দুর’ নামের নতুন গান। লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ। তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন কলকাতার শুভমিতা ব্যানার্জি। গানটির স্টুডিও ভার্সন প্রকাশ পেয়েছে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফরমগুলোয়।

প্রটিউন মিউজিক প্রকাশ করেছে ‘পুজোর খুশি’। লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত করেছেন কেডি বিজন। গেয়েছেন অনিন্দিতা অথি ও সুদীপ্ত চক্রবর্তী। গানটি ৭ অক্টোবর প্রকাশিত হয়েছে।

এ ছাড়া ৩ অক্টোবর ইনডেক্স মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘লাগছে কেমন’ গানটি। সি কে দে চয়নের কথা ও সুরে গানটির সংগীত করেছেন এ পি শুভ। গেয়েছেন জয় জয়সওয়াল, সিন্ধা রিতা রায় ও অথি। কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। গানটিতে মডেল হয়েছেন বারিশা হক।

অন্যদিকে তরুণ শিল্পী পিজিত মহাজনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মা এল’ গানটি। গানটি লিখেছেন যৌথভাবে পরীক্ষিত বালা ও পিজিত। সংগীত করেছেন আয়ান ও শুভ। গেয়েছেন পিজিত নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন শেখ সাদী। এতে মডেল হয়েছেন মৌসুমী মৌ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *