শারদীয় দুর্গাপূজার আনন্দে নতুন গান, নাটক সহ বিনোদনের পালা
নবদ্বীপ: আজ থেকে শুরু হল পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে নতুন গান, টেলিভিশন এবং ইউটিউবে আসছে নতুন নাটক। এবারের তালিকায় যুক্ত হল গায়িকা সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘আমার নয়ন ভুলানো”। গানটি নতুন সংগীত আয়োজনে 6 অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সঞ্চিতা রাখি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের এই গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আর চিত্রায়ন ও সংগীত আয়োজনের ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। চিত্রগ্রহণ করেছেন দিগন্ত হালদার।
সঞ্চিতা রাখির সংগীতের সঙ্গে পথচলা শুরু শৈশব থেকে পারিবারিক আবহেই। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রণজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার অনুপ্রেরণায় গানে হাতেখড়ি হয় সঞ্চিতার। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শাস্ত্রীয় সংগীত শিক্ষায়। বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতকোত্তর শেষ করে ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রসঙ্গীতের পাঠ নেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ভারতের রবীন্দ্রসঙ্গীতের ওপর স্নাতকোত্তর সম্পূর্ণ করে দেশে ফিরে রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হিসেবে যুক্ত হন ছায়ানট সংগীত বিদ্যায়তনে। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে এরই মধ্যে তিনি সরকারি-বেসরকারি রেডিও, টেলিভিশন এবং মঞ্চে বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে নিয়মিত যুক্ত আছেন।
শুধু তাই নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত রবীন্দ্রসঙ্গীত নতুন রূপে চিত্রায়িত করে প্রকাশ করেন। এই শিল্পী নিয়মিত থাকতে চান তার ভক্ত শ্রোতাদের কাছে। তাই শারদ উৎসবকে সামনে রেখে এবারও রবীন্দ্রসঙ্গীতের নতুন একটি আয়োজন নিয়ে হাজির হয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে।