সাবেক জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।
এ ছাড়া আ ফ ম বাহাউদ্দিনের স্ত্রী সুলতানা শামীমা চৌধুরী এবং তাদের সন্তান এ বি এম সিদ্দিক ও নুজহাত তাবাসসুমের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্ট তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। এই সঙ্গে ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা ডকুমেন্ট যেমন অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার দিন থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এর পরে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী গ্রেফতার হয়েছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও তলব করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হলো।
তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গত মাসে গ্রেফতার করা হয়েছে। তিনি এখনও কারাগারে আছেন।