**পেঁপে পাতার রস কি প্লেটলেট বাড়ায়?**
যেসব রোগীর প্লেটলেট কম থাকে, তাদের জন্য অনেকেই পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দেয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি পেঁপে পাতার রসে প্লেটলেট বাড়ে?
২০১৭ সালে ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে যে, পেঁপে পাতার রসে প্লেটলেট বাড়ে। এই গবেষণায় ৪০০ ডেঙ্গু রোগীর অংশগ্রহণ ছিল। এর মধ্যে অর্ধেক রোগীকে পেঁপে পাতার রস খেতে দেয়া হয়েছিল।
ফলাফল দেখা গেছে, পেঁপে পাতার রস খাওয়া রোগীদের প্লেটলেট সংখ্যা অন্য রোগীদের তুলনায় বেশি ছিল। এছাড়াও তাদের জটিলতার মাত্রাও তুলনামূলক কম ছিল।
তবে পেঁপে পাতার রস নিয়ে চিকিৎসকদের মধ্যে ভিন্নমত রয়েছে। অনেক চিকিৎসক মনে করেন যে, পেঁপে পাতার রসে প্লেটলেট বাড়ার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
যেকোনো ওষুধের কার্যকারিতা নিরূপণ করতে হলে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল (RCT) জরুরি। এই ট্রায়ালে উত্তীর্ণ হলেই সেই ওষুধকে গ্রহণ করা যায়। এমন কোনো পরীক্ষায় পেঁপে পাতার নির্যাস এখনো উত্তীর্ণ হয়েছে বলে জানা যায়নি।
ডেঙ্গু রোগে আক্রান্ত হলে সাধারণত চার-পাঁচ দিন পর্যন্ত প্লেটলেট সংখ্যা কমে যায়। এরপর ধীরে ধীরে এটি আবার বাড়তে শুরু করে। ওষুধ না খেয়েও প্রাকৃতিকভাবেই প্লেটলেট বাড়ে। তাই পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়ে—এমনটা বলা যাবে না।