**ডেঙ্গু হলে স্যালাইন নেবেন কখন?**
ডেঙ্গু জ্বর এখন ব্যাপক হারে ছড়াচ্ছে। অনেকে জ্বর হলেই ভয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার অনেকে জটিলতা দেখা দিলেও ভর্তি হচ্ছেন না। অনেকেই এখন জ্বর হলেই স্যালাইন নিতে চান। আবার অনেকে জানেন না যে কীভাবে স্যালাইন নেওয়া উচিত। আজ আমরা জানব ডেঙ্গু হলে কখন স্যালাইন নিব।
**কখন স্যালাইন নেওয়ার দরকার নেই?**
ডেঙ্গুর উপসর্গ অনেক রকম হতে পারে। কিছু উপসর্গ হালকা হয়, আবার কিছু হয় মারাত্মক। উপসর্গের তীব্রতার উপর ভিত্তি করে আমরা ডেঙ্গুকে তিনটি ভাগে ভাগ করতে পারি:
* **ক্যাটাগরি ‘এ’:** শুধু জ্বর ও মাথাব্যাথা আছে, অন্য কোনো সমস্যা নেই। এই রকম রোগীদের হাসপাতালে ভর্তি বা স্যালাইন নেওয়ার দরকার নেই। শুধু বিশ্রাম নিতে হবে এবং তরল খাবার খেতে হবে। অপ্রয়োজনে স্যালাইন নিলে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হতে পারে।
**কখন স্যালাইন নেওয়া প্রয়োজন?**
* **ক্যাটাগরি ‘বি’ ও ‘সি’:** হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন নিতে হবে। উপসর্গগুলো হল:
* পেটে ব্যথা
* দিনে তিনবারের বেশি বমি বা ডায়েরিয়া
* ফুসফুস বা পেটে পানি জমা
* রক্তক্ষরণ
* অস্থিরতা বা অতিরিক্ত দুর্বলতা
* রক্তচাপ কমে যাওয়া (নাড়ির চাপ ২০ মিমি-র কম)
* প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
* রক্তের ঘনত্ব বাড়া
শিরায় কতটুকু স্যালাইন দেওয়া হবে তা নির্ভর করবে রক্তচাপ, শরীরে পানির ঘাটতি এবং রক্তের ঘনত্বের ওপর। অতিরিক্ত স্যালাইন দিলে তা ফুসফুস ও পেটে জমে ফ্লুইড ওভারলোড হতে পারে, যা ক্ষতিকর।
তাই, ডেঙ্গু হলে উপসর্গ দেখা দিলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্যালাইন নিতে হবে।
**লেখক:** ডা. আফলাতুন আকতার জাহান, মেডিসিন স্পেশালিস্ট, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা