ফেনীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিনজন গ্রেফতার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ এবং যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানিয়েছেন এ কথা। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন সোনাগাজী উপজেলার বগদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন (৪৫), আজাদুল ইসলাম (৪০) ও আবদুর রহিম (২৬)। গিয়াস উদ্দিন সোনাগাজী উপজেলার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বগদানা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আজাদুল দাগনভূঞা থানার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, আর আবদুর রহিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি ইউনিয়নের বিন্দুপুর গ্রামের বাসিন্দা। তিনি শহরের ডিডি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী এবং ছাত্রলীগ কর্মী।
পুলিশ সূত্র জানাচ্ছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গিয়াস উদ্দিনকে তার শহরের পেট্রোবাংলা এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। অন্য দুজনও এই মামলায় অভিযুক্ত।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলন দমনে হামলায় জড়িত থাকার অভিযোগে ফেনী মডেল থানায় মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা, ৭টি হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলা রয়েছে।