স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর পাঁচটি উপায়
আজকাল ইন্টারনেট আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ওয়াই-ফাই সংযোগের পাশাপাশি, অনেকেই তাদের স্মার্টফোনে মোবাইল ডেটা ব্যবহার করে। মোবাইল ডেটা ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করা যায়, কিন্তু ডেটা ব্যবহারের পরিমাণ বেশি হলে খরচও বাড়ে। তবে স্মার্টফোনে কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর কৌশলগুলো:
**ফোনের পটভূমিতে অ্যাপ চালু রাখবেন না**
অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহার না করলেও ফোনের পটভূমিতে সবসময় চালু থাকে। ফলে ফোনে ইন্টারনেট চালু থাকলে এই অ্যাপগুলোও ডেটা ব্যবহার করতে থাকে। তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমেই পটভূমিতে চলমান অ্যাপগুলোর কার্যকলাপ বন্ধ করতে হবে। এজন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে কানেকশনস অপশনে যেতে হবে। এরপর ডেটা ইউজ অপশনে গিয়ে ডেটা সেভিংস মোড চালু করে পটভূমি ডেটা সীমাবদ্ধ করে দিতে হবে।
**অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন**
অনেক অ্যাপ রয়েছে যা তুলনামূলকভাবে বেশি ডেটা ব্যবহার করে। আবার কিছু অ্যাপ বা গেম রয়েছে যেগুলোতে বিজ্ঞাপন চলতে থাকে। ফলে নিজের অজান্তে ধারণা করা পরিমাণের চেয়ে বেশি ইন্টারনেট ডেটা খরচ হয়। এই ধরনের অ্যাপগুলো যদি নিয়মিত ব্যবহার না করা হয়, তবে সেগুলো স্মার্টফোন থেকে মুছে ফেলে ইন্টারনেট খরচ কমানো সম্ভব।
**মোবাইল ডেটায় অ্যাপ আপডেট বন্ধ করুন**
ইনস্টল করা অ্যাপগুলোতে যদি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার অপশনটি চালু থাকে, তাহলেও প্রচুর ডেটা খরচ হবে। তাই মোবাইল ডেটার বদলে শুধুমাত্র ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ আপডেট করতে হবে।
**ওয়াই-ফাই অ্যাসিস্ট বন্ধ করুন**
ওয়াই-ফাই অ্যাসিস্ট বৈশিষ্ট্যটি চালু থাকলে দুর্বল ওয়াই-ফাই সংযোগের সময় মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি অব্যাহত রাখা হয়। তাই ওয়াই-ফাই অ্যাসিস্ট বৈশিষ্ট্যটি বন্ধ রাখতে হবে।
**মোবাইল ডেটা বন্ধ রাখুন**
অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার না করে বন্ধ রাখতে হবে। এছাড়াও মোবাইল ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করে রাখলেও অতিরিক্ত ইন্টারনেট ডেটা খরচ হবে না।