অ্যান্ড্রয়েড ফোনে সাইবার হামলার শঙ্কা
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে ব্যবহৃত কোয়ালকম প্রসেসরে গুরুতর নিরাপত্তা ত্রুটির খোঁজ মিলেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে সহজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাইবার হামলা চালানো সম্ভব বলে আশঙ্কা করছেন নিরাপত্তা গবেষকরা।
কোয়ালকম কর্তৃপক্ষ নিজেদের প্রসেসরে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়টি স্বীকার করে জানিয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত কোয়ালকমের তৈরি বিভিন্ন সংস্করণের প্রসেসরে ‘সিভিই-২০২৪-৪৩০৪৭’ নামের ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে।
নিরাপত্তা প্যাচ উন্মুক্তের আগেই হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটি বলা হয়। কোয়ালকমের তৈরি প্রসেসর যেহেতু বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা হয়, তাই এই জিরো ডে নিরাপত্তা ত্রুটির কারণে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সাইবার হামলার শঙ্কায় রয়েছেন।
তবে গুগল থ্রেট অ্যানালাইসিস গ্রুপ (টিএজি) জানিয়েছে, এই জিরো ডে নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। ফলে সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপর হামলার শঙ্কা নেই।
কোয়ালকমের তথ্যমতে, ৬৪টি মডেলের প্রসেসরে এই নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ১’ ও ‘স্ন্যাপড্রাগন ৮৮৮+’ প্রসেসরের পাশাপাশি নিরাপত্তা ত্রুটি থাকা প্রসেসরের তালিকায় ‘স্ন্যাপড্রাগন ৬৬০’ ও ‘স্ন্যাপড্রাগন ৬৮০’-এর মতো প্রসেসরও আছে। স্মার্টফোনের প্রসেসর ছাড়াও ওয়াই-ফাই এবং ফাইভ-জির জন্য ব্যবহৃত কোয়ালকমের ‘ফাস্টকানেক্ট ৬৭০০, ৬৮০০, ৬৯০০’ ও ‘৭৮০০’ মডেমের মডিউলে এই নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে।
কোয়ালকমের একজন মুখপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে নিরাপত্তা ত্রুটির সমাধান উন্মুক্ত করা হয়েছে। এখন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের সফটওয়্যারে এই নিরাপত্তা প্যাচ যুক্ত করে নিরাপত্তা হালনাগাদ হিসেবে ব্যবহারকারীদের জন্য প্রকাশ করতে হবে। পরবর্তী নিরাপত্তা হালনাগাদে এ ত্রুটির সমাধান পেতে পারেন ব্যবহারকারীরা।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ