ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ এখন থেকে নিজেদের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজেদের বিভাগেও ক্লাস নিতে পারবেন। শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জ্ঞানচর্চার প্রক্রিয়াকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক অত্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন, তাঁরা যথাযথভাবে নিজেদের প্রশাসনিক দায়িত্ব পালন করে নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটে ক্লাস নিতে পারবেন। শিক্ষা কার্যক্রমে এ ধরনের অংশগ্রহণ প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তসম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্ঞানচর্চার প্রক্রিয়াকে উৎসাহিত করবে।”