• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |

এবার জামিন পেলেন মাহির স্বামী রকিব সরকার

ওমরাহ পালন শেষে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহির স্বামী রকিব সরকার।

সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মো: নিয়াজ মাখদুম সম্পত্তি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুটি মামলাতেই রকিব সরকারের জামিন মঞ্জুর করেন।
রকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার জানান, রকিব সরকার সোমবার বেলা দেড়টার দিকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলাতেই জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন। মামলা দুটিতে পুলিশের প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

তিনি বলেন, ‘চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন। যে জমি নিয়ে ঘটনা, ওই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এ কারণে আদালত প্রথম মামলায় রকিবের জামিন মঞ্জুর করেন।’

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন প্রসঙ্গে ওই আইনজীবি বলেন, ‘রকিব সরকারের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রকিব সরকার বিদেশে থাকায় উপায়ান্তর না পেয়ে ফেসবুকে লাইভ করেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশে তারা লাইভ করেননি। তিনি ফেসবুকে লাইভ করেছিলেন মূলত তার সম্পত্তি রক্ষার জন্য।’

এরআগে ওমরাহ পালন শেষে শনিবার দেশে ফিরেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশে ফেরার পর তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে আদালত ওই দুই মামলায় তাকে জামিন প্রদান করলে রাত সোয়া ৭টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় রকিব সরকারের মালিকানাধীন গাড়ির শোরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন।

স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি তার কোটি টাকার জমি দখল ও মারধরের অভিযোগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় মাহি ও রকিব সরকারকে হুকুমের আসামি করা হয়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে আরেকটি মামলা করে পুলিশ। বাসন থানার এসআই রোকন মিয়া এই মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *