• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |

ক্রিকেটের কারণে যেভাবে গ্রেফতার থেকে বাঁচলেন ইমরান খান

শেষ পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার না করেই পুলিশ বাহিনীকে পিছু হটতে হয়েছে। বুধবার লাহোরের জামান পার্কের বাসভবনের সামনে থেকে পুলিশ ও আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা সরে যায়।

ইমরান খানকে কেন গ্রেফতা করা হয়নি, তার ব্যাখ্যা দিতে গিয়ে দেশটির পুলিশের এক কর্মকর্তা আলজাজিরাকে বলেন, ক্রিকেটই তাকে গ্রেফতার থেকে বাঁচিয়েছে।

পাকিস্তান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আলজাজিরাকে বলেন, ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের বাড়ির বাইরে মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। কারণ, গতকালই ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নকআউট ম্যাচ। ক্রিকেট ম্যাচকে নির্বিঘ্ন করতে তার বাড়ির সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ক্রিকেট দলকে স্টেডিয়ামে পৌঁছাতে হবে। সে জন্যই কিছুক্ষণের জন্য সড়ক খালি করে দেওয়া হয়।

মঙ্গলবার ইমরানকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে ব্যাপক যানজট দেখা দেয়। তাই আদালতের নির্দেশিত অভিযান বুধবার স্থগিত করা হয়।

পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাসার পাশে ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘পিএসএলের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেওয়ার সামর্থ্য আমাদের নেই।’

বিবিসির প্রতিবেদনে জানা যায়, আগামী ১৯ মার্চ পিএসএলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালের আগপর্যন্ত ইমরানকে গ্রেফতার করা হবে না।

বুধবার গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দেন লাহোরের আদালত। এরই মধ্যে তার বাসভবন থেকে সরে গেছেন পুলিশ সদস্যরা। তার দলের কর্মী-সমর্থকরা রীতিমতো উৎসব করছেন। ইমরান খানও অভিনন্দন জানিয়েছেন সমর্থকদের।

রাজনীতিতে নামার আগে ইমরান খানকে পাকিস্তানসহ সারা বিশ্বের মানুষ চিনত ক্রিকেটার হিসেবে। ১৯৯২ আইসিসি বিশ্বকাপে তার নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপরই ক্রিকেটকে বিদায় জানান দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক।

যে ক্রিকেটের কারণে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন ইমরান খান, সেই ক্রিকেটই তাকে গ্রেফতার থেকে বাঁচিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *