• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন |

জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নিন্দা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু এবং গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল কাদিরকে হাইকোর্টের জামিনে থাকা অবস্থায় জজ কোর্টে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমানে দেশে চলছে ভয়ঙ্কর নৈরাজ্য ও দুঃশাসন। বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার কর্তৃক দেশে চলছে রাজনীতির নামে অপরাজনীতি, প্রতিহিংসা চরিতার্থের রাজনীতি। বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংস করার সুপরিকল্পিত অংশ হিসেবেই নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেফতার ও জামিন বাতিল করে কারান্তরীণ করা হচ্ছে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারো রাষ্ট্রীয়ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকার বুঝতে পারছে জনগণের ওপর অত্যাচার নিপীড়ণ চালানো এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার কারণে এবার ক্ষমতাচ্যুত হলে আগামীতে জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার কোন সুযোগ নেই। এজন্য বেপরোয়া আচরণের মাধ্যমে সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনে আরো হিংস্র হয়ে উঠেছে।’

নেতারা আরো বলেন, ‘সরকারের এই হিংস্র ও নিষ্ঠুর আচরণের ধারাবাহিকতায় মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদিরকে বানোয়াট ও অসত্য মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশে এখন আইন-কানুন বলতে কিছু নেই, বিচারালয়গুলো বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চক্ষু ইশারায় চলে। এজন্য দেশের সাধারণ মানুষ এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে চলছে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন। তবে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ণ নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি, বর্তমান স্বেচ্ছাচারী শাসকগোষ্ঠীও জনগণের সম্মিলিত শক্তির কাছে পরাজিত হবে।’

নেতারা অবিলম্বে মকবুল ইসলাম খান টিপু এবং আব্দুল কাদির এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *