• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |

সুষ্ঠু নির্বাচনে আ’লীগ ২৫টির বেশি আসন পাবে না : সমমনা জোট

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৫টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার (১১ মার্চ) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মানববন্ধনটি বেলা ১১টা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ছিল।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ক্ষমতাসীনরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। অথচ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছে, জ্বালাও-পোড়াও করেছে। যত চেষ্টাই করুক, ক্ষমতাসীনরা এবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। কারণ, দেশের জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারা নিয়ে মন্ত্রীদের বক্তব্যের জবাবে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্ষমতাসীনরা এখন বলছেন, বেগম জিয়া রাজনীতি করতে পারবেন। আমরা বলব, খালেদা জিয়া শুধু রাজনীতি কেন, নির্বাচনও করবেন এবং তিনি আগামীতে এদেশের প্রধানমন্ত্রীও হবেন।’

জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, ‘সরকার আবারো ২০১৮ সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে। সরকারকে বলব, ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। তাই সময় থাকতে জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।’

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম প্রমুখ নেতারা।

অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, জাগপার ডা. আওলাদ হোসেন শিল্পী, গণদলের আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপের ইফতেখার মাহমুদ, এনপিপির মো: ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফখরুজ্জামান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ফরিদ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

খন্দকার লুৎফর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আজ প্রমাণিত সত্য। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।’

এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, ‘চলমান আন্দোলনে এ সরকারকে বিদায় করে সুষ্ঠু নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তখন জনগণ একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ পাবে।’

এম এন শাওন সাদেকী বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগির কথা বলা হচ্ছে। এ লক্ষ্যে নতুন নতুন জোটের আত্মপ্রকাশ ঘটছে। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে, তারা বেইমান হিসেবে আখ্যায়িত হবে।’

মানববন্ধনে জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

নতুন কর্মসূচি : ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে ১৮ মার্চ সারা দেশের মহানগরে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট। এটি হবে চলমান যুগপৎ আন্দোলনের একাদশতম কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *