রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামি মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এদিন মুন্নাকে আদালতে হাজির করে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। অন্যদিকে তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
মুন্নার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে গ্রেফতার হন মুন্না।
গত বছরের ৭ ডিসেম্বর শাহজানপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে যে মামলা করেছিল, সেই মামলায় আজ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী।