• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে গ্রেফতারে মির্জা ফখরুলের নিন্দা

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর বর্তমান সরকারের আক্রোশের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। মিথ্যা অপপ্রচার, কলঙ্কলেপণ, কুৎসা রটনা সরকারের অপরিহার্য সংস্কৃতিতে পরিণত হয়েছে।’

তিনি বলেন, গুম, খুন, হামলা, মিথ্যা মামলা, গ্রেফতার, রক্তপাত সরকারের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী। আজ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরকে গ্রেফতার সেটিরই নির্লজ্জ ধারাবাহিকতা। তারা দু‘জনই সরকারের মারাত্মক রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না কর্তৃত্ববাদী সরকার। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর ওপর সরকারি দুঃশাসন ও নিষ্ঠুর হিংস্রতায় দেশের মানুষ মারাত্মক নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্র রুপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছে।

তিনি বলেন, দেশে আইন-কানুনের ছিটেফোটাও অবশিষ্ট নেই। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে।

আব্দুল মোনায়েম মুন্না এবং এস এম জাহাঙ্গীরকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *