• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার সন্ধ্যায় নগরীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপির আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পুরানো কায়দায় গ্রেফতার-নির্যাতন শুরু করেছে। সারাদেশে নেতা-কর্মীদের আটক অভিযান পরিচালনা করছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না। জনরোষ থেকে তারা বাঁচতে পারবে না।

ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, হামলা-গ্রেফতার, গুম, খুন আর নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করা যাবে না। চলমান গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্তরূপে সফল না হওয়া পর্যন্ত, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ রাজপথ ছাড়বেন না।

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আর জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে কাফনের কাপড় পড়ে রাজপথে নেমেছেন বিএনপির কর্মীরা। হয় মৃত্যু, নয় বিজয় নিয়ে তারা ঘরে ফিরবেন। বিএনপির নেতা-কর্মীরা এসব গ্রেফতার, হামলা-মামলাকে আর ভয় পায় না।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে শাহজাহানপুর থানা পুলিশ মোনায়েম মুন্নাকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *