• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘সিএসই ডে’ অনুষ্ঠিত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাত্রা এখন স্মার্ট বাংলাদেশের পথে। তথ্য-প্রযুক্তির এ বাস্তবতা ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) গ্রীন রোডের ক্যাম্পাস অডিটোরিয়ামে ‘সিএসই ডে ২০২৩’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (৪ মার্চ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে এসইউয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পরিচালনা করে এসইউ প্রোগ্রামিং ক্লাব।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রোগ্রামিং, আইসিটি অলিম্পিয়াড ও গেমিং কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, ছবি প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো: আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর শামীম আরা হাসান, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো: মোস্তফা আকবর, এসইউয়ের সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো: আল আমিন মোল্লা, এসইউয়ের কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদা।

অনুষ্ঠানের চেয়ার হিসেবে ছিলেন এসইউয়ের সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক বুলবুল আহমেদ। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রোগ্রামিং প্রতিযোগিতায় যেমন মেধা খাটিয়েছে, তেমনই প্রজেক্ট শোকেসিংয়ে দেখিয়েছে উদ্ভাবনী সব ধারণা। বিশ্বজুড়ে গেম শিল্পের বাজার যখন লক্ষ-কোটি ডলার ছাড়িয়েছে, তখন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা গেমিং কনটেস্ট উপভোগ করেছে উপস্থিত সবাই। পাশাপাশি আইসিটি অলিম্পিয়াডে অংশ নিয়েও শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও সামর্থ্য দেখায়।

‘সিএসই ডে’-এর অন্যতম আকর্ষণ ছিল ফটো এক্সিবিশন। যেখানে স্থান পায় শিক্ষার্থীদের তোলা অর্থবহ সব স্থিরচিত্র। অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বক্তারা এমন আয়োজনের উচ্ছ্বাসী প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার পাশাপাশি মানবতার কল্যাণে বিজ্ঞান ও শৈল্পিকতার এই চর্চা আরো বাড়ানোর কথা বলেন। পরে ‘সিএসই ডে’-তে অংশগ্রহণকারী সবার হাতে সনদ তুলে দেয়া হয়। আর সেরাদের মাঝে বিতরণ করা হয় ক্রেস্ট ও বিভিন্ন পরিমাণের আর্থিক পুরষ্কার। পরে নাচে-গানে আর কবিতায় এসইউয়ের ‘সিএসই ডে-২০২৩’ শেষ হয়।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *