• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |

বিদেশীদের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করছে সরকার : দুলু

রংপুরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণের আন্দোলনকে ভয় পায় বলেই এখন বিদেশীদের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করছে সরকার।

নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিএনপি ১০ দফা আদায় ও কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন কোতায়ালী থানার পদযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

পদযাত্রাটি নগরীর সেন্ট্রাল রোড থেকে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।

হারাগাছ থানার উদ্যোগে মহব্বতখা স্কুল থেকে ফুল আমের তল, তাজহাট থানার উদ্যোগে আশরপুর থেকে দর্শনা মোড় পর্যন্ত পদযাত্রা হয়। ওই পদযাত্রাগুলোও সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

বিকেল ৩টায় হাজিরহাট থানার উদ্যোগে মাদরাসা থেকে বটতলা, পরশুরাম থানার উদ্যোগে পাণ্ডারদীঘি থেকে বুড়ির হাট ও মাহিগঞ্জ থানার উদ্যোগে আমতলি থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা হয়। সেখানেও পৃথক পৃথক সমাবেশ করে বিএনপি।

এ সময় বক্তারা বলেন, ১০ দফা দাবি মানতে হবে। কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এসবের বিকল্প নেই। জনগণ এই দাবিতে সারাদেশে ঝড় তুলেছে। জনতার ঝড়ে এ সরকারের পতন হবে। বিএনপি নেতাকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *