সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ।
Advertisement
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের পরবর্তী কর্মসূচি হবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভিন্ন বিভাগে মানববন্ধন। এ মঞ্চের সব শরিক সংগঠনগুলোকে অনুরোধ করব, ঢাকাসহ বিভাগীয় মানববন্ধন সফল করার জন্য আপনারা বিভাগীয় নেতাদের জানিয়ে দিন।
গণতন্ত্র মঞ্চকে ‘আরো শক্তিশালী’ করে মাঠে নামতে দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর সেখান থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় পর্যন্ত তারা পদযাত্রা কর্মসূচি পালন করেন।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শনিবার সারাদেশে থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকার অনেক খেলাধুলা শুরু করেছে। ইতোমধ্যে সরকার সংলাপ নিয়ে কথাবার্তা বলার প্রস্তুতি নিচ্ছে। আমরা এর আগেও বলেছি, সংলাপ হতে পারে একটি মাত্র শর্তে, সেটা হল, আপনারা কীভাবে পদত্যাগ করবেন এবং অন্তঃবর্তী কালীন সরকারের রূপরেখা নিয়ে আপনাদের সঙ্গে সংলাপ হতে পারে। আগে আপনাদের ঘোষণা করতে হবে নির্বাচনের পূর্বে আপনারা ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।
কারণ আমাদের স্পষ্ট ঘোষণা গণতন্ত্র মঞ্চ কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সরকার পদত্যাগের ঘোষণা আগে দিলে তখন আমরা বিবেচনা করে দেখব সংলাপে যাবো কি যাবো না।