টাঙ্গাইলে গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বেপারিপাড়া থেকে ওই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি শান্তিকুঞ্জ মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এতে বাধ্য হয়ে কর্মসূচি সমাপ্ত করতে হয় সেখানেই।
পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির অহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও ওবায়দুল হক নাসির প্রমুখ। এ সময় দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।