• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন |

মহান ভাষা দিবসেও দলবাজি হয়েছে : মোশাররফ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়ে দলবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় বলাকা ভবনের সামনে থেকে প্রভাত ফেরি শুরু করে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টা থেকে দাঁড়িয়ে আছি। পৌনে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি। এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুখঃজনক। আমরা এর প্রতিবাদ করছি। তারা আমাদের ইচ্ছা করে আমাদের বিলম্বিত করেছে। এই দিনে এমনটা করা ঠিক হয়নি।’

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে স্বাধীনতার ৫১ বছর পরে যারা দেশ পরিচলনা করছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল করেনি এটা হাস্যকর, এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা সেলিম রেজা হাবিব, নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খান, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি নেতারা আজিমপুরে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *