হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, চিকিৎসকের পরামর্শে হাসপাতাল ছেড়ে বাসায় গিয়েছেন মহাসচিব। বাসায় বিশ্রাম নেবার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন তাকে। এর আগে আজ বেলা ১২টার দিকে অসুস্থবোধ করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ইমারজেন্সি ভাবে তাকে ভর্তি করা হয়।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম। সাথে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দু‘জনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।