২০২২ সালের ২৮ নভেম্বর প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মিরপুরে শহীদ মুজাহিদুল ইসলাম মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি মু. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্কবিষয়ক সম্পাদক ডা: মো: আবু ইউসুফ আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে ডা: মো: আবু ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’
তিনি বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় এখন অরাজকতার সৃষ্টি হয়েছে। ছাত্রদের হাতে এখন কলমের পরিবর্তে অস্ত্র ও মাদক তুলে দেয়া হচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। ইসলামী ছাত্রশিবির এ কাজটিই সঠিকভাবে সম্পন্ন করে চলেছে।’
তিনি আরো বলেন, ২০২২ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ জীবন গড়ে এদেশের পথ-হারা মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা বক্তব্য রাখেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শ’ নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০ জন সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাকি শিক্ষার্থীরা থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, আকর্ষণীয় টি-শার্ট, নোটবুক, কলম, ওয়ার্ড কার্ড, সম্মাননা কার্ড, বক্স, তিনটি মোটিভেশনাল বই তুলে দেন। ছাত্রশিবির নেতারা অনলাইনে যুক্ত শিক্ষার্থীদের উপহার সামগ্রী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন বলে জানান।
প্রেস বিজ্ঞপ্তি